চীনের সঙ্গে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশকে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান ইয়াও ওয়েন।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন উপস্থিত ছিলেন।