স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ কিংবা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিলে তার বিচার জনগণই করবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দাবি করেন, দলীয় পরিচয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রকল্পে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তবে পরদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চাঁদা দাবির বিষয়ে সালমান মুক্তাদির জানান, তার কাছে সরাসরি কেউ চাঁদা চাননি। ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই। দুর্বৃত্ত যে-ই হোক, সে দুর্বৃত্তই।
তিনি জানান, মাটিকাটাকে কেন্দ্র করে জমি দখলের একটি ঘটনা রাতে ঘটেছে। খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার এবং কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছিল। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।



মন্তব্য করুন