বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারত ও পাকিস্তানের নাগরিকদের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। ২০২৩ সালের হিসাবে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।

গত শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি এ তথ্য প্রকাশ করে। তবে উত্তর আমেরিকার দেশ দুটির মানুষের গড় আয়ু বাংলাদেশের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডার ৮১ দশমিক ৪ বছর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গড় আয়ু বেশি হওয়া মানেই মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে জীবনযাপন করছেন—এমনটা নয়। সুস্থ অবস্থায় বেঁচে থাকার সময় সাধারণত মোট গড় আয়ুর চেয়ে কম।

করোনার ধাক্কা কাটিয়ে আগের অবস্থায় গড় আয়ু

করোনা মহামারির ধাক্কায় বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবে ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু মহামারির আগের সময়ের কাছাকাছি ফিরে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু দাঁড়ায় ৭৩ দশমিক ৩ বছর। ২০১৯ সালে এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর। করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে আসে।

ডব্লিউএইচওর ডাটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় অর্জন। এখন মূল চ্যালেঞ্জ হলো মানুষ যাতে শুধু দীর্ঘদিন নয়, সুস্থ শরীরেও দীর্ঘ জীবন কাটাতে পারে।