আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহর নামে থাকা ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা এবং ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধ করতে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা এসব অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে সম্পদগুলো অবরুদ্ধ করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
দুদকের নথি অনুযায়ী, কাজী জাফর উল্লাহর নামে মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন হিসাবে প্রায় ৪৯ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ২৯৫ টাকা রয়েছে।
তার স্ত্রী নিলুফার জাফর উল্লাহর নামে মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকের হিসাবে প্রায় ২৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৯৫ টাকা থাকার তথ্য পাওয়া গেছে। ছেলে কাজী ওমর জাফরের নামে মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকে থাকা অর্থের পরিমাণ প্রায় ২৩ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
আরেক ছেলে কাজী রায়হান জাফরের নামে মেঘনা ও প্রিমিয়ার ব্যাংকের হিসাবে প্রায় ২৩ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৮৪৯ টাকা এবং ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার রয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া মেয়ে কাজী আফসকা মেহেরিন জাফরের নামে মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন হিসাবে প্রায় ৩১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকা থাকার তথ্য দিয়েছে দুদক।
সব মিলিয়ে এসব হিসাবে থাকা অর্থ ও বৈদেশিক মুদ্রার পরিমাণ ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা এবং ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার বলে দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের ২ ফেব্রুয়ারি অর্থ আত্মসাতের অভিযোগে কাজী জাফর উল্লাহসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
কাজী জাফর উল্লাহ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন