বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি নতুন এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তি আগামী ৭ অক্টোবর সই হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের প্রতিনিধিরা চুক্তিতে সই করবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
চুক্তির আওতায় চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। এ৩৫০-৯০০ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এয়ারবাসগুলোর সরবরাহ ২০৩৩ সাল থেকে শুরু হয়ে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে চুক্তির মোট বাণিজ্যিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।
নতুন এয়ারবাস যুক্ত হলে বিমানের বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও উল্লেখযোগ্যভাবে বাড়বে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী নতুন বোয়িং ও এয়ারবাস মিলিয়ে বিমানের বহরে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার আগ পর্যন্ত প্রয়োজন মেটাতে স্বল্পমেয়াদি ভিত্তিতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিমান।



মন্তব্য করুন