যুক্তরাষ্ট্রে অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি প্রতিনিধিত্বের জন্য নিজস্ব আইনজীবী নিয়োগের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সমালোচকদের আশঙ্কা, সরকারি হেফাজতে থাকা শিশুদের হয়ে সরকারি কর্মীরাই আইনজীবীর ভূমিকা পালন করলে স্বাধীন আইনি প্রতিনিধিত্বের সুযোগ কমে যেতে পারে এবং তাদের নির্বাসনের ঝুঁকি বাড়তে পারে।
ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক ঘোষণায় স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (HHS) অধীনে ‘আনঅ্যাকম্পানিড এলিয়েন চিলড্রেন লিগ্যাল রিপ্রেজেন্টেশন ডিভিশন’ গঠনের কথা জানানো হয়েছে। বিভাগের দাবি, এর মাধ্যমে শিশুদের সরাসরি আইনি পরামর্শ ও সহায়তা দেওয়া এবং তাদের পরিবারের সঙ্গে নিরাপদে পুনর্মিলনে সহায়তা করা হবে।
২০০৮ সাল থেকে অভিভাবকহীন অভিবাসী শিশুদের বিনামূল্যে আইনি প্রতিনিধিত্ব দিতে বেসরকারি সংস্থার সঙ্গে সরকারের চুক্তি ছিল। সম্প্রতি ২৪ হাজারের মতো মামলার তদারকি করা ‘অ্যাকাশিয়া সেন্টার ফর জাস্টিস’-এর সঙ্গে সেই সম্পর্ক ছিন্ন করার পর নতুন উদ্যোগটি নেওয়া হলো।
অ্যাকাশিয়ার নির্বাহী পরিচালক শাইনা অ্যাবার বলেন, শিশুদের হেফাজত ও দেখভালের দায়িত্বে থাকা একই সরকারি ব্যবস্থার অধীনে আইনি প্রতিনিধিত্ব দেওয়া হলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। ‘কিডস ইন নিড অফ ডিফেন্স’-এর প্রেসিডেন্ট ওয়েন্ডি ইয়াংও নতুন ব্যবস্থাকে শিশুদের স্বাধীন আইনি প্রতিনিধিত্ব দুর্বল করার পদক্ষেপ হিসেবে সমালোচনা করেছেন।
অন্যদিকে HHS বলেছে, নতুন বিভাগটি শিশুদের সরাসরি আইনি সহায়তার জন্য একটি অতিরিক্ত ব্যবস্থা এবং পরিবারের সঙ্গে পুনর্মিলন নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য। তবে বেসরকারি সংস্থার সঙ্গে আইনি সেবা চুক্তি পুরোপুরি বন্ধ হবে কি না এবং নতুন বিভাগ কবে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে, তা স্পষ্ট করেনি সরকার।
এদিকে ‘আমেরিকানস ফর ইমিগ্র্যান্ট জাস্টিস’ জানিয়েছে, ৩১ জুলাই অ্যাকাশিয়ার মাধ্যমে আইনি সহায়তা দেওয়া সংস্থাগুলোর অর্থায়ন স্থগিত হওয়ার পর শিশুদের জন্য আইনজীবী পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক সুই চুংয়ের মতে, শিশুদের আইনি সহায়তার প্রয়োজন বিদ্যমান সম্পদের তুলনায় অনেক বেশি।
সরকার এরই মধ্যে ‘আওয়ার রেসকিউ’-কে সর্বোচ্চ ২৪৪ মিলিয়ন ডলারের একটি চুক্তি দিয়েছে। তবে অ্যাকাশিয়ার আইনি চ্যালেঞ্জের কারণে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এর মধ্যে স্বল্পমেয়াদি বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে।

মন্তব্য করুন