শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে টানা আট দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি সবুর হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী কার্তিক চক্রবর্তী চিঠির মাধ্যমে জানিয়েছেন।
তিনি আরও জানান, ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে।
এদিকে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, দুর্গাপূজার ছুটিতে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা থাকবে না। স্বাভাবিক নিয়মেই বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী চলাচল অব্যাহত থাকবে।



মন্তব্য করুন