https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে সড়কে ছিটকে পড়া এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক। এ ঘটনায় শিশুটিসহ দুজনই ট্রাকের চাপায় নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আলিফ (৮)। সে পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। নিহত মোটরসাইকেল চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, আলিফকে নিয়ে তার মা পাকশী এলাকায় বেড়াতে গিয়েছিলেন। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কোলইকান্দি বটতলা এলাকায় অটোরিকশাটি একদিকে হেলে পড়ে। এ সময় মায়ের কোল থেকে আলিফ ছিটকে সড়কে পড়ে যায়।
ছেলেকে বাঁচাতে আলিফের মা অটোরিকশা থেকে লাফ দেন। একই সময়ে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের চালক শিশুটিকে রক্ষার চেষ্টা করেন। কিন্তু তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও অটোরিকশাচালক পালিয়ে যান।
আহত অবস্থায় আলিফের মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ট্রাক ও অটোরিকশার চালকদের শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।