https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত এবং ১২৯ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ফিলিপাইন সিভিল ডিফেন্স দপ্তর জানায়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সকসসারজেন অঞ্চলে, যেখানে একাধিক ভবন ও ঘরবাড়ি ধসে পড়ে। উদ্ধারকাজ চলমান থাকায় পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব হয়নি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর পরপরই ফিলিপাইনসহ প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়।
ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছে, আর ফিলিপাইনের স্থানীয় সংস্থা জানিয়েছে এটি প্রায় ৭ মাত্রার ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহু ভবনে ফাটল ধরেছে এবং কিছু ভবন ধসে পড়েছে। জেনারেল সান্তোস শহরের এক পুলিশ কর্মকর্তা এটিকে তাদের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে বর্ণনা করেন।
ফিলিপাইন ও ইন্দোনেশিয়া উভয়ই ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থান করায় এ অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে।