আন্তর্জাতিক বাজারে যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭২ থেকে ৭৩ ডলার। সোমবার (২ নভেম্বর) তা বেড়ে প্রায় ১১২ ডলারে পৌঁছেছে। অর্থাৎ আট মাসে দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪৮ ডলার। অন্যদিকে, ২ নভেম্বর তা দাঁড়ায় ১১১ দশমিক ৮৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ছিল ১০২ দশমিক ৫৬ ডলার।
সংকট শুধু অপরিশোধিত তেলের বাজারে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সিঙ্গাপুরের পাইকারি বাজারে ডিজেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যায়। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তা প্রায় ২২০ ডলারে পৌঁছেছিল।
৩০ অক্টোবর সিঙ্গাপুরের বাজারে ডিজেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১৭০ দশমিক ০২ ডলার। একই দিনে পেট্রোলের দাম ছিল ১২৭ দশমিক ৬৪ ডলার এবং জেট ফুয়েলের দাম ১৬৮ দশমিক ৪২ ডলার।
বিশ্ব জ্বালানি সরবরাহে অস্থিরতার অন্যতম কারণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন। যুদ্ধের আগে সমুদ্রপথে বিশ্বে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে যেত। যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে সংকট তৈরি হয়েছে।
যুদ্ধ অবসানের কূটনৈতিক তৎপরতার খবরে সোমবার তেলের দাম কিছুটা কমেছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের অবসান এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববাজারে তেলের দাম ও ডিজেলের সংকট নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন