যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। দেশটির কংগ্রেসের ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। তবে জয় উদ্‌যাপনের পাশাপাশি বিজয়ী ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কড়া ব্যঙ্গ করতেও ছাড়েননি এই নেতা।মিশিগানের হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ৪২ বছর বয়সী এল-সাইয়েদ। নির্বাচনে জয়ের পর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জেডি, হাবিবি! এর চেয়ে মধুর পরিহাস আর কী হতে পারে যে আগামী জানুয়ারিতে সংবিধান অনুযায়ী আপনাকেই আমাকে শপথ পাঠ করাতে হবে।’

এরপর ট্রাম্পকেও খোঁচা দেন তিনি। নির্বাচনি প্রচারণায় বারবার তার নাম উচ্চারণে সমস্যায় পড়েছিলেন ট্রাম্প। সেই প্রসঙ্গ টেনে এল-সাইয়েদ বলেন, তার নাম উচ্চারণ করতে সমস্যা হলে শপথের পর তাকে শুধু ‘সিনেটর’ বলেই ডাকতে পারেন প্রেসিডেন্ট।

মিশিগানের স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান এল-সাইয়েদ নির্বাচনি প্রচারণায় মুসলিম পরিচয় ও পররাষ্ট্রনীতি নিয়ে রিপাবলিকানদের তীব্র আক্রমণের মুখে পড়েছিলেন। ট্রাম্প তাকে ‘জিহাদি’ বলেও আখ্যা দিয়েছিলেন।

তবে সব বাধা পেরিয়ে ঐতিহাসিক জয় পেয়েছেন তিনি।

প্রচারণায় সবার জন্য স্বাস্থ্যসেবা, বৈষম্য দূরীকরণ, করপোরেট অর্থের প্রভাব কমানো এবং বিদেশি যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার বিরোধিতা করেছেন এল-সাইয়েদ। তার এই জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।