আফ্রিকার পশ্চিম উপকূল থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আসছেন হাজার হাজার অভিবাসী ও শরণার্থী। তাদের সামলাতে হিমশিম খাচ্ছে দ্বীপপুঞ্জের ছোট্ট এল হিয়েরো দ্বীপের প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সহায়তা চেয়ে স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে তিন হাজার ৩০০ জনের বেশি অভিবাসী ও শরণার্থী দ্বীপটিতে পৌঁছেছেন। অথচ এল হিয়েরোর মোট জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০ জন।
হঠাৎ করে এত মানুষের আগমনে আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাপে পড়েছে প্রশাসন। দ্বীপটির পরিচালনা পরিষদের প্রধান আলপিদিও আরমাস জানান, অভিবাসীদের আকস্মিক আগমনে তারা উদ্বিগ্ন। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।
ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো পরিস্থিতিকে ‘একেবারেই অসহনীয়’ বলে বর্ণনা করেছেন। অভিবাসীদের পরিবহনে বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসাসেবা দিতে অন্য দ্বীপ থেকে স্বাস্থ্যকর্মীদের আনা হয়েছে।
এদিকে, নভেম্বরের প্রথম ছয় দিনে দ্বীপপুঞ্জের উপকূল থেকে তিন হাজার ২৬১ জন অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করেছে সামুদ্রিক উদ্ধারকারী দল। ক্লাভিহোর মতে, অভিবাসীদের আগমনের সংখ্যা ২০২৪ সালের রেকর্ড পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ। সম্প্রতি এ পথে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সমুদ্রপথে ১৩ হাজার ৩২৭ জন অনিয়মিত অভিবাসী ও শরণার্থী দেশটিতে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৫ দশমিক ৫ শতাংশ কম।

মন্তব্য করুন