ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিরোধিতাকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি দাবি করেছেন, যুদ্ধের সমালোচনাকারীদের মন শয়তান অন্ধ করে দিয়েছে এবং তাদের চিন্তাভাবনা শয়তান নিয়ন্ত্রণ করছে। তার এমন মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ২৩ অক্টোবর ইসরায়েলি উপস্থাপক আমির তসারফাতির ‘দ্য অ্যাঙ্কর পডকাস্ট’-এ অংশ নিয়ে এসব মন্তব্য করেন হাকাবি। সম্প্রতি ওই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

পডকাস্টে হাকাবি বলেন, যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করছেন, তারা আধ্যাত্মিক অন্ধকার ও অন্ধত্বে ভুগছেন। তাদের চিন্তাভাবনার ওপর শয়তানের প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহলের একাংশের মধ্যেও সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর বিতর্কটি আরও জোরালো হয়েছে। নির্বাচনের ফলাফলকে ট্রাম্প প্রশাসনের নীতির প্রতি, বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমতের প্রতিফলন হিসেবে দেখছেন অনেকে।

দ্য আমেরিকান কনজারভেটিভ-এর জ্যেষ্ঠ সম্পাদক অ্যান্ড্রু ডে হাকাবির বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, একজন রাষ্ট্রদূতের মুখে যুদ্ধের বিরোধিতাকারীদের শয়তানের নিয়ন্ত্রণে থাকার মতো মন্তব্য অস্বাভাবিক।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হাকাবির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ তাকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন।

হাকাবির এই মন্তব্যকে কেন্দ্র করে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক নতুন করে সামনে এসেছে।