ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবার রাশিয়া ও চীনের সহায়তা নিতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এ সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এসব আলোচনায় ইরান যুদ্ধের অবসান এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।

ট্রাম্পের দাবি, ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করা হয়েছে। এর ফলে ইরানে পণ্য প্রবেশ এবং দেশটি থেকে পণ্য রপ্তানির সুযোগ সীমিত হয়ে পড়েছে।

এদিকে, ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের কথিত ‘টাস্কফোর্স আয়রন গেট’ পূর্ণ শক্তিতে কাজ করছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

তবে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খুঁজছে ওয়াশিংটন। এ লক্ষ্যে সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে।

আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের ফাঁকে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হলে ইরান সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে এসব উদ্যোগ থেকে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসবে, তা এখনো স্পষ্ট নয়।