সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় সমর্থন জানায় বাংলাদেশ। এ উদ্যোগে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতুও যুক্ত হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানান, ২০৩০ সালের মধ্যে ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২০ শতাংশ বিনিয়োগ আসবে দেশীয় উৎস থেকে এবং বাকি ৮০ শতাংশ আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে সংগ্রহ করা হবে।
জ্বালানি আমদানিনির্ভরতা ও সরবরাহসংকট কমাতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল সি বড়ুয়া বলেন, সৌরবিদ্যুতের প্রসারে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে। সরকারের নীতিগত উদ্যোগ ও অর্থায়ন সুবিধা কার্যকর হলে আগামী পাঁচ বছরে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।
তবে শুধু লক্ষ্যমাত্রা ঘোষণা করলেই হবে না বলে মনে করেন নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তাঁর মতে, সৌরবিদ্যুতের প্রসারে দক্ষ দেশীয় সরবরাহব্যবস্থা, পর্যাপ্ত অর্থায়ন এবং আধুনিক বিদ্যুৎ গ্রিড গড়ে তোলা জরুরি।
অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জানান, দেশটির প্রতি তিনটি বাড়ির একটিতে সৌরবিদ্যুতের প্যানেল রয়েছে। এ অভিজ্ঞতা অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়াই বৈশ্বিক উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিশ্বব্যাপী এ কর্মসূচিতে সহজ অনুমোদন, সাশ্রয়ী অর্থায়ন, ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে বিপুল আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিত করা এবং পরিকল্পিত সময়ে প্রকল্প বাস্তবায়ন।

মন্তব্য করুন