বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দাপ্তরিক নথিতে তাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি ও সম্পদের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং শরণার্থী ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা কেন্দ্রীভূত হওয়া প্রয়োজন।

আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বৈঠকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীদের প্রচেষ্টার কথা জানান।

এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন বৈঠকে অংশগ্রহণকারীরা।

রোহিঙ্গা সংকট সমাধানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।