বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার পূরণে যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বোঝা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে শক্তিশালী সহযোগিতা।
বক্তব্যে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন ও নির্গমন কমানোর কাজে বরাদ্দ, ঋণ পরিশোধে বিশেষ সুবিধা, জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা।
প্রধানমন্ত্রী জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশটি সামনের সারিতে রয়েছে।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য রয়েছে। এ ছাড়া ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন থেকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ ও ন্যায়সংগত সিদ্ধান্ত আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন