সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি। একপর্যায়ে ঘুষির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন চা দোকানি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরের কল্যাণপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে।

নিহত চা দোকানির নাম জুয়েল। বয়স ৩২ বছর। পুলিশ জানায়, সিগারেটের বকেয়া টাকা নিয়ে জুয়েলের সঙ্গে বিরোধ হয় বিক্রয়কর্মী মো. ইব্রাহীম শেখের। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে ইব্রাহীমের ঘুষিতে মাটিতে পড়ে অচেতন হয়ে যান জুয়েল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইব্রাহীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি একটি সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নিহত জুয়েলের আগে থেকেই হৃদ্‌রোগের সমস্যা ছিল। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলছে।