ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশের ওপর অস্ত্র নিয়ে হামলার পরিস্থিতিতে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, রাজধানীর আদাবরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার পর অভিযানে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযানের সময় একদল ব্যক্তি চাপাতি দিয়ে আদাবর থানার ওসি ও এক এসআইকে আঘাত করলে তারা আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দুইজন সন্দেহভাজন আহত হন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

ডিএমপি কমিশনার বলেন, অভিযানের সময় প্রথমে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। তবে হামলাকারীরা অস্ত্র নিয়ে আক্রমণ করায় আত্মরক্ষার্থে আইনগত প্রক্রিয়ার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে।

তিনি আরও জানান, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক, ছিনতাই ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে প্রতিটি থানায় অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।