https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ। তাঁর মতে, আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যশিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সমান গুরুত্ব দিতে হবে।
আগামীকাল শুরু হতে যাওয়া ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন ও সময়োপযোগী করার লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারকে পাঠ্যক্রমে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
তারেক রহমান আরও বলেন, শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, ব্যবহারিক ও মূল্যায়নভিত্তিক ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার দিকেও সরকার অগ্রসর হচ্ছে। এতে মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা কমাতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, নীতিমালা অনুযায়ী এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৮ হাজার শিক্ষার্থী (বালক ও বালিকা) অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এবার মোট ১ লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল টুর্নামেন্টে পরিণত করেছে।
তিনি বলেন, বালক ও বালিকা দল সমান সুযোগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরি হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি টুর্নামেন্টটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।