https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনা, সংগীত, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষ হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “শুধু খেলাধুলা করলে হবে না, লেখাপড়ায়ও মনোযোগ দিতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিতে হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে। ফুটবল ছাড়াও ক্রিকেট, সাঁতারসহ নানা ধরনের খেলায় দক্ষতা অর্জনের ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি জানান, এবারের টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামীতে এই আয়োজন আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও বর্ণিল সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।