যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। গ্রীষ্মকালীন অবকাশ শেষে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে ক্ষমতাসীন লেবার পার্টিকে নির্দেশনা দিয়েছেন কিয়ার স্টারমার।

সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অ্যান্ডি বার্নহাম। দীর্ঘদিন ধরে গ্রেটার ম্যানচেস্টরের মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী এই নেতা দলীয় এমপি এবং সাধারণ ভোটার—উভয় মহলেই ব্যাপক জনপ্রিয়। প্রশাসনিক অভিজ্ঞতা এবং উত্তর ইংল্যান্ডে শক্তিশালী রাজনৈতিক অবস্থানের কারণে তিনি ‘উত্তরের রাজা’ হিসেবেও পরিচিত।

প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দলীয় এমপিদের উল্লেখযোগ্য সমর্থন প্রয়োজন হবে। সাম্প্রতিক রাজনৈতিক সাফল্যের ফলে বার্নহামের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

আরেক সম্ভাব্য প্রার্থী ওয়েস স্ট্রিটিং। তিনি পূর্বে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন সংস্কার উদ্যোগের জন্য পরিচিত। দলের মধ্যপন্থী ও ডানঘরানার সদস্যদের মধ্যে তাঁর ভালো সমর্থন রয়েছে।
তবে দলের কিছু অংশের কাছে তাঁর রাজনৈতিক অবস্থান তুলনামূলকভাবে ডানমুখী হিসেবে বিবেচিত হওয়ায় নেতৃত্বের লড়াইয়ে তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম। শ্রমজীবী পরিবার থেকে উঠে আসা রায়নার ব্রিটিশ রাজনীতির অন্যতম প্রভাবশালী নারী নেতা হিসেবে পরিচিত। আবাসন ও সামাজিক নীতিতে তাঁর ভূমিকা প্রশংসিত হলেও অতীতে কর-সংক্রান্ত বিতর্কের কারণে রাজনৈতিক চাপের মুখে পড়েছিলেন।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আল কার্নস। যদিও এড মিলিব্যান্ড ইতোমধ্যে নেতৃত্বের দৌড়ে অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন।

লেবার পার্টির অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতা নির্বাচিত হবেন এবং তিনিই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বর্তমান পরিস্থিতিতে অ্যান্ডি বার্নহাম সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকলেও দলীয় সমীকরণ ও সদস্যদের ভোটই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কিয়ার স্টারমারের উত্তরসূরি কে হচ্ছেন।