জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঝুঁকির মুখে থাকা কোটি মানুষের জীবন ও জীবিকা রক্ষায় বিশ্বনেতাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু সংক্রান্ত অঙ্গীকারকে এখন বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে, যাতে বিশ্ব আরও নিরাপদ ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।

মঙ্গলবার চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ ‘শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপে ক্লাইমেট লিডারশিপ’ শীর্ষক অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু কার্যক্রমকে কোনো ব্যয় হিসেবে নয়, বরং সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ হিসেবে দেখে। তিনি বলেন, একটি সবুজ, নিরাপদ, টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সহযোগিতার বিকল্প নেই।

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও যৌথ অঙ্গীকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তিনটি অগ্রাধিকারের ওপর গুরুত্বারোপ করেন। প্রথমত, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজলভ্য ও কার্যকর ক্ষয়ক্ষতি তহবিল বাস্তবায়ন। দ্বিতীয়ত, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নকে আরও সহজলভ্য ও কার্যকর করা এবং প্রযুক্তি হস্তান্তর ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি। তৃতীয়ত, প্রশমনের পাশাপাশি অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া।

তিনি বলেন, ইউএনসিটিএডি’র মতে, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজন ও প্রশমন চাহিদা পূরণে বর্তমানে প্রস্তাবিত ৩০০ বিলিয়ন ডলারের নতুন সম্মিলিত লক্ষ্যমাত্রা পর্যাপ্ত নয়।

বাংলাদেশের জলবায়ু অভিযোজন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পানি নিরাপত্তা নিশ্চিত ও বন্যা ঝুঁকি কমাতে পদ্মা ব্যারেজ নির্মাণ এবং তিস্তা ব্যারেজ আধুনিকীকরণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ ও সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ‘এক শিক্ষার্থী, এক গাছ’ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সৌর, বায়ু ও বর্জ্যভিত্তিক জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।