প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরে তিনি বাংলাদেশের মানুষ ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে তার মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতিস্বরূপ উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর সংসদ নেতা হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। এ সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়েই কথা বলেছি। এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই। যদি কোনো অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।

জাতীয় সংসদের পক্ষ থেকে সফল রাষ্ট্রীয় সফরের জন্য অভিনন্দন জানানো হলে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংসদের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানানোর জন্য আমি সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের দলের মূলনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’—এই আদর্শকে সামনে রেখেই আমরা কাজ করছি।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বার্থে কাজ করার বিষয়ে বিরোধী দলের সহযোগিতা ইতিবাচক বার্তা বহন করে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৬ জুনের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। পরে সরকারি ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ভোটের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।