প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সফরে দুই দেশের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ), চুক্তি ও সহযোগিতা দলিল সই হয়েছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ-চীন সম্পর্ককে ‘সর্বাঙ্গীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব’ থেকে উন্নীত করে ‘চীন-বাংলাদেশ কমিউনিটি উইথ অ্যা শেয়ার্ড ফিউচার’ পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দুই দেশের পররাষ্ট্র দপ্তরের সচিব পর্যায়ের পরামর্শ বৈঠককে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সফরে মোংলা বন্দর সম্প্রসারণ, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)–এর আওতায় বড় অবকাঠামো প্রকল্পে সহযোগিতা জোরদারে দুই দেশ একমত হয়েছে। এছাড়া তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।
বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে আটটি সমঝোতা স্মারক, তিনটি চুক্তি, একটি প্রোটোকল ও একটি যৌথ কর্মপরিকল্পনা সই হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীনা প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগ-সংক্রান্ত একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে চীনের ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ (জিডিআই)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে। পাশাপাশি ব্রিকস, এসসিও ও আরসিইপিতে বাংলাদেশের যোগদানের প্রচেষ্টায় সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, এবারের সফর আগের যেকোনো সফরের তুলনায় গুণগতভাবে ভিন্ন। দুই দেশের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়ার পাশাপাশি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেন, সফরে অর্জনের ঘাটতি নেই। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন