ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ২৪ বার পঠিত
যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের পানিসংকট নিরসন ও কৃষিতে সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সরকার তিস্তা ও পদ্মা নদীকেন্দ্রিক বৃহৎ পানি ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, কৃষি ও সেচব্যবস্থা উন্নয়নে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য একটি বিশেষ ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। আগামী অর্থবছরে ৪৩ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

বক্তব্যে প্রধানমন্ত্রী চলচ্চিত্র, সংগীত, ওটিটি, গেমিং, ফ্যাশন ও সফটওয়্যারসহ বিভিন্ন সৃজনশীল খাতকে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ হিসেবে বিকাশের পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং জাতীয় শিক্ষা কারিকুলামে ‘স্পোর্টস’কে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথাও জানান।

এ ছাড়া দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে নতুন শ্রমবাজার অনুসন্ধান, প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষা খাত পুনর্গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930