https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কাতারের দোহায় অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বৈঠক বা আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। তেহরান বলছে, ইরানি প্রতিনিধি দলের দোহা সফরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সফরের কোনো সম্পর্ক নেই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করাই এখন তেহরানের প্রধান অগ্রাধিকার। সে লক্ষ্যেই একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল দোহা সফর করছে।
তিনি জানান, সমঝোতা স্মারকের বাস্তবায়ন তদারকি এবং অগ্রগতি পর্যবেক্ষণের জন্যই এই সফর। বিশেষ করে ১০ নম্বর ধারা অনুযায়ী ইরানের তেল রপ্তানির ওপর থেকে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, তার বাস্তবায়ন এবং ১১ নম্বর ধারা অনুযায়ী অবরুদ্ধ ইরানি অর্থ ছাড়ের বিষয়টি খতিয়ে দেখা হবে।
মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে বাঘাই বলেন, ‘আগামী দিনগুলোতে মার্কিন পক্ষের সঙ্গে কোনো স্তরেই আমাদের কোনো আলোচনা বা বৈঠক হবে না। মার্কিন প্রতিনিধিদের কাতার সফরের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সফরেরও কোনো সম্পর্ক নেই।’
এর আগে ইরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, অবরুদ্ধ ১২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ইরানি অর্থ দুই কিস্তিতে ছাড় করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। সোমবার ইরানের প্রেসিডেন্টও নিশ্চিত করেন, কাতারে আটকে থাকা অর্থের প্রথম কিস্তি অবমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।