মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচলের গুরুত্ব তুলে ধরেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার অগ্রগতিকে ভারত স্বাগত জানায়।

তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক এই প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ফোনালাপে মোদি হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচলের প্রয়োজনীয়তার বিষয়টিও জোর দিয়ে উল্লেখ করেন। তিনি বলেন, শুধু ভারতের জন্য নয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার স্বার্থেও এই নৌপথ সচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি তার মোট অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ এই প্রণালি হয়ে আমদানি করে। ফলে এ অঞ্চলে যেকোনো উত্তেজনা ভারতের জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে।

ভারত দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আঞ্চলিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে।