ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

ইরানে নতুন হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর, প্রস্তুত আইডিএফ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬   ২৩ বার পঠিত
ইরানে নতুন হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর, প্রস্তুত আইডিএফ

ছবি: -সংগৃহীত

ইরানে আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সরকারের নির্দেশ পেলেই নতুন হামলা শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “এ পর্যন্ত আমরা দু’বার ইরানে হামলা করেছি। ওই দুই অভিযানে ইসরায়েলকে সম্ভাব্য পারমাণবিক হামলার ঝুঁকি থেকে রক্ষা করেছি। প্রয়োজন হলে তৃতীয়বারও হামলা চালানো হবে। সে জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। ২০২৫ সালের ৬ জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছিল, এই সমৃদ্ধির মাত্রা ৯০ শতাংশে পৌঁছালে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।

এর পাঁচ দিন পর, ১১ জুন রাতে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। ১২ দিনব্যাপী ওই অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক অবকাঠামো এবং সংশ্লিষ্ট বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অভিযানটি স্থগিত করা হয়।

পরবর্তীতে একই ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করলেও কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান পরিবর্তন করে। এরপর থেকে ইসরায়েল মূলত লেবানন সীমান্তে সীমিত সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইসলামাবাদ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে দুই পক্ষের আলোচনা চলছে।

যদিও নেতানিয়াহু এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির বাধ্যবাধকতা ইসরায়েলের ওপর প্রযোজ্য নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের ভাষায়, বিবি, আপনাকে সতর্কভাবে কথা বলতে হবে। নইলে খুব শিগগিরই আপনাকে একা হয়ে যেতে হতে পারে।

এদিকে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031