জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু অতীতের ইতিহাস নন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার চিরন্তন উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি জুম প্ল্যাটফর্মে যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি জাতির ইতিহাসে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন, যাঁরা সমাজ, রাষ্ট্র, সাহিত্য, সংস্কৃতি ও মানুষের চিন্তাজগতে গভীর প্রভাব রেখে যান। কাজী নজরুল ইসলাম তেমনই এক অনন্য ব্যক্তিত্ব, যাঁর প্রভাব শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি স্তরে অনুভূত হয়।
তিনি বলেন, বিদ্রোহ, সাম্য, প্রেম, মানবতা, ধর্মীয় সম্প্রীতি, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতার চেতনা—সবকিছুতেই নজরুলের সৃষ্টিকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি মানুষ তাঁর সাহিত্য থেকেই পেয়ে থাকে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার অন্যতম উৎস। বর্তমান সময়েও নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাঁর সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের এই সময়ে তরুণদের সঠিক পথে পরিচালিত করতে নজরুলের শিশু-কিশোর ও মানবিক মূল্যবোধভিত্তিক রচনাগুলো বিশেষভাবে প্রয়োজনীয়।
প্রধানমন্ত্রী জানান, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতাও যাচাই করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নজরুল বর্ষের আয়োজনকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে গবেষক, শিল্পী, সাহিত্যিক ও নজরুলপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি মন্তব্য করেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজনে আমলাদের চেয়ে নজরুল গবেষক ও অনুরাগীদের উপস্থিতিই বেশি কাম্য।
তিনি আরও বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর কাছে কাজী নজরুল ইসলাম ‘বাংলাদেশের মন’-এর প্রতীক। সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবিক সমাজ গঠনের যে আদর্শ কবি তুলে ধরেছেন, বর্তমান সরকারও সেই বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে।
প্রধানমন্ত্রী দেশজুড়ে গঠিত ‘নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটি’র মাধ্যমে বছরব্যাপী সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুলসংগীতের আসর, নাট্যোৎসব ও চিত্রপ্রদর্শনীর আয়োজন সফল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা, জ্যেষ্ঠ কর্মকর্তা, নজরুল গবেষক ও শিল্পীরা ভার্চুয়ালি অংশ নেন।

মন্তব্য করুন