মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে উদ্বেগ বেড়েছে। সংঘাতের জেরে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিলেও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ১ ও ২ জুলাই মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালায়। বিস্ফোরণের তীব্রতায় টেকনাফ সীমান্তসংলগ্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। তবে শুক্রবার মংডু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেলেও এপারে তেমন কোনো বিকট শব্দ শোনা যায়নি।

উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরের বাসিন্দারা জানান, চলমান সংঘাতে রাখাইনে বসবাসরত রোহিঙ্গারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হলে তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ ও হোয়াইক্যং এলাকার বাসিন্দারাও জানান, রাখাইনে সংঘাত শুরু হলেই সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতীতের মতো গোলাগুলি বা বিস্ফোরণের প্রভাব বাংলাদেশ অংশেও পড়তে পারে—এমন শঙ্কা তাদের মধ্যে রয়েছে।