জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় উপস্থিত রয়েছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও নিহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং তাদের পরিবারের প্রতি সংহতি জানানো হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।