https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে দেশটির শক্তি, স্বাধীনতা ও জাতীয় মূল্যবোধের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কমিউনিজমকে ‘ক্যানসারের মতো’ আখ্যা দিয়ে এ মতাদর্শের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন তিনি।
শনিবার (৪ জুলাই) ওয়াশিংটনে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘স্বাধীনতার নিবাস’ এবং ‘মুক্তির ভূমি’। তিনি মার্কিন পতাকাকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে অসাধারণ ও ব্যতিক্রমী জাতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।
ভাষণে ট্রাম্প বলেন, কমিউনিজম ক্যানসারের মতো—এটিকে দ্রুত কেটে ফেলতে হবে। আমরা আমাদের দেশে কমিউনিস্ট চাই না। এটি কখনো কাজ করেনি, ভবিষ্যতেও করবে না।
মার্কিন সংবিধানে নিশ্চিত করা মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, আইনের দৃষ্টিতে সমতা এবং অস্ত্র রাখার সাংবিধানিক অধিকার তুলে ধরে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অস্ত্র বহনের সাংবিধানিক অধিকার সুরক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন।
বিদেশনীতি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে। তবে এ দাবির পক্ষে তিনি ভাষণে কোনো নির্দিষ্ট সামরিক অভিযান বা ঘটনার উল্লেখ করেননি।