প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ।
সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহর বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে রাষ্ট্রদূত সৌদি যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং দেশটি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন