প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই, তবে সেই সমস্যার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, সভায় প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ একসময় বাংলাদেশের চেয়েও অনুন্নত ছিল। কিন্তু আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে তারা অনেক দূর এগিয়ে গেছে। সবাই একসঙ্গে কাজ করলে বাংলাদেশও এগিয়ে যাবে।

তিনি ভেজালবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে নিয়ে এ কমিটি গঠন করা হবে। আগামী এক মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জনবল সংকট, আধুনিক পরীক্ষাগারের অভাব, প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, নিরাপত্তা ঝুঁকি এবং মোবাইল কোর্টের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, শুধু সরকারের উদ্যোগে পরিবর্তন সম্ভব নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি গুলশান লেকের উদাহরণ দিয়ে বলেন, অনেক শিক্ষিত মানুষও অসচেতনভাবে লেকে আবর্জনা ফেলছেন। দেশকে পরিবর্তন করতে হলে সবাইকে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।