গত মাসের শেষদিকে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং গৃহহীন হয়েছেন অন্তত ১৭ হাজার ৮৫৪ জন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব তুলে ধরে জানান, উপকূলীয় কারাকাস ও লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাজুড়ে স্থাপিত ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে অন্তত ১২ হাজার ৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন।
গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাস, লা গুয়াইরা এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। প্রাথমিক হিসাবে প্রায় ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
এদিকে দুর্যোগের পর দেশটিতে নতুন করে জনস্বাস্থ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ জনাকীর্ণ অস্থায়ী আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা ছাড়াই অবস্থান করছেন। অনেক আহত ব্যক্তি এখনও পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। একই সঙ্গে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।

মন্তব্য করুন