ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

উত্তরা ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজন পলাতক

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
উত্তরা ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজন পলাতক

ছবি: -সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। সোমবার রাতে কুপিয়ে আহত করার পর মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরিফুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে কসবা উপজেলার গোপীনাথপুর বাজার এলাকায় ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন আরিফুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে মঙ্গলবার তিনি মারা যান।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের আলী হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যাংক কর্মকর্তা ও অভিযুক্ত একই এলাকায় বসবাস করতেন। এছাড়া আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। প্রাথমিকভাবে পূর্ববিরোধ বা ঋণসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে। সম্ভাব্য বিরোধ এবং ঋণসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930