https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। রোববার (১২ জুলাই) দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী এ ঘোষণা দিয়ে জানায়, অননুমোদিত নৌপথ ব্যবহার করা একটি জাহাজে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যেকোনো পাল্টা পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রেখে চলাচল করছিল, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। পরে সেটিতে হামলা চালানো হলেও জাহাজটির পরিচয় প্রকাশ করা হয়নি।
ইরান আরও দাবি করেছে, কয়েকটি জাহাজ অনুমোদনহীন নৌপথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে এবং গতিপথ পরিবর্তনের নির্দেশ উপেক্ষা করে।
আইআরজিসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে এবং মধ্যপ্রাচ্যে শত্রুপক্ষের নতুন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।
এদিকে, মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় ইরান প্রকাশ্যে ঘোষণা দিক যে তারা হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ করবে এবং কোনো ধরনের টোল বা বাধা ছাড়াই আন্তর্জাতিক নৌপথ উন্মুক্ত রাখবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চালিয়ে যেতে নীতিগতভাবে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি পূর্বঘোষিত যুদ্ধবিরতির সমাপ্তির কথাও জানান।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান, যুক্তরাষ্ট্র, কাতার ও পাকিস্তান সম্ভাব্য আলোচনায় বসতে নীতিগত সম্মতি দিয়েছে। মধ্যস্থতাকারীরা শনিবার এ বিষয়ে একটি ফোনালাপ আয়োজনের চেষ্টা করেন। সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানে অবস্থান করছিলেন। তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমান সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আলবুসাইদির সঙ্গে বৈঠকে আব্বাস আরাগচি হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন।