ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি সচল রাখতে ওমানের নতুন প্রস্তাব, আলোচনায় দুই করিডর ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬   ২৩ বার পঠিত
হরমুজ প্রণালি সচল রাখতে ওমানের নতুন প্রস্তাব, আলোচনায় দুই করিডর ব্যবস্থা

ছবি: -সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নতুন একটি সমঝোতা প্রস্তাব দিয়েছে ওমান। মাসকাটে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালিকে দুটি পৃথক নৌ করিডরের মাধ্যমে পরিচালনা করা হবে। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে বাস্তবায়ন হলে প্রণালির উত্তর ও দক্ষিণ—উভয় দিক দিয়েই জাহাজ চলাচল অব্যাহত রাখা সম্ভব হবে।

ওমানের জলসীমায় থাকা দক্ষিণ করিডর দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলো যুদ্ধ-পূর্ব সময়ের মতো অবাধে চলাচল করতে পারবে। অন্যদিকে, ইরানের জলসীমার মধ্যে থাকা উত্তর করিডর ব্যবহার করতে হলে তেহরানের পূর্বানুমতি নিতে হবে। তবে এ ব্যবস্থায় কোনো ধরনের টোল বা শুল্ক আরোপ করা হবে না।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আরাগচি জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওমানে অনুষ্ঠিত বৈঠকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য একটি ‘মধ্যবর্তী লেন’ চালুর সম্ভাবনাও আলোচনায় এসেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির অচলাবস্থা দূর করতে ওমানের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহও স্বাভাবিক হতে পারে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে ইরান কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, যার প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930