হরমুজ প্রণালি ইরানের কৌশলগত হাতিয়ার : সর্বোচ্চ নেতার উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬ ২৯ বার পঠিত
ছবি: -সংগৃহীত
হরমুজ প্রণালিকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিরোধের উপাদান হিসেবে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজায়ি। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে রেজায়ি বলেন, “হরমুজ প্রণালি একটি কৌশলগত প্রতিরোধক। ইরান নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় শক্তির ওপর ভর করে দেশের স্বার্থ এবং নিরাপত্তা রক্ষা করবে।”
এর আগে ইরানের সেনাবাহিনী ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই নৌপথে বিঘ্ন ঘটলে বৈশ্বিক তেল সরবরাহে চাপ সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম আরও বেড়ে যেতে পারে।
এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রকে বিদ্যমান চুক্তি ও প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আন্তর্জাতিক মহলও নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।