কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শোকবার্তায় বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতারের আমির, রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে কাতার আধুনিক, সমৃদ্ধ ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তারেক রহমান আরও বলেন, পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের দীর্ঘদিনের বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও কাতারের মধ্যে যে ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক গড়ে উঠেছে, তা বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। তিনি আশা প্রকাশ করেন, এই সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি কাতারের আমির, রাজপরিবারের সদস্য এবং শোকসন্তপ্ত জনগণের জন্য ধৈর্য, শক্তি ও সান্ত্বনা কামনা করেন।

মন্তব্য করুন