https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পপসম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়ে নির্মিত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্ব বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির তিন মাসের মধ্যেই সিনেমাটি ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের বেশি আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিকের স্বীকৃতি অর্জন করেছে।
অ্যান্টোয়ান ফুকুয়া পরিচালিত এই চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। বড় পর্দায় এটিই তার অভিষেক, আর প্রথম ছবিতেই দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে ‘মাইকেল’। প্রথমে এটি ‘বোহেমিয়ান র্যাপসোডি’-র ৯১১ মিলিয়ন ডলারের আয় অতিক্রম করে। এরপর ‘ওপেনহাইমার’-এর ৯৭৭ মিলিয়ন ডলারের রেকর্ডও ছাড়িয়ে গিয়ে বায়োপিক ঘরানার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়। সর্বশেষ ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে সিনেমাটি নতুন ইতিহাস গড়ে।
দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, কোনো স্বাধীন (ইন্ডিপেনডেন্ট) স্টুডিওর প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত চলচ্চিত্র হিসেবে এটিই প্রথম, যা বিশ্ব বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। শুরুতে কয়েকটি বড় স্টুডিও অর্থায়নে আগ্রহ না দেখালেও লায়ন্সগেট, ইউনিভার্সাল পিকচার্স ও কিনো ফিল্মস যৌথভাবে ছবিটি নির্মাণের ঝুঁকি নেয়, যা শেষ পর্যন্ত বিশাল বাণিজ্যিক সাফল্যে পরিণত হয়েছে।
সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও দর্শকদের ভালোবাসায় ভেসেছে ‘মাইকেল’। জনপ্রিয় রিভিউ প্ল্যাটফর্ম রটেন টম্যাটোস-এ সমালোচকদের রেটিং ৪০ শতাংশ হলেও দর্শকদের কাছ থেকে সিনেমাটি পেয়েছে ৯৭ শতাংশ ইতিবাচক রেটিং।
মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ২১৭ মিলিয়ন ডলার আয় করে এটি মিউজিক্যাল বায়োপিকের ওপেনিং উইকেন্ড আয়ের নতুন রেকর্ড গড়ে। সেই ধারাবাহিকতা ধরে রেখে মাত্র তিন মাসের ব্যবধানে ১ বিলিয়ন ডলারের ক্লাবে জায়গা করে নেয় ‘মাইকেল’, যা বিশ্ব চলচ্চিত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।