প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে ঢাকার গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (১৩ জুলাই) ভোর ৬টার পর তিনি সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ সম্বলিত লাল-সবুজ বাসে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরকালে প্রধানমন্ত্রী বরিশালে একাধিক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সংলগ্ন সাগরদী এলাকায় আরও দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি বরিশাল বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।