প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনই বর্তমান সরকারের সবচেয়ে বড় শক্তি। জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনের পথে কোনো বাধাকেই বাধা হিসেবে দেখবে না সরকার।

সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ডপ্রাপ্ত নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে, ততক্ষণ দেশ পুনর্গঠনের পথে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে আরও এগিয়ে নিতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত নারীদের সঙ্গে সরাসরি কথা বলে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল সম্পর্কে জানতে চান সরকারপ্রধান। এ সময় পারুল আখতার নামে এক উপকারভোগী জানান, ফ্যামিলি কার্ড পাওয়ার পর তার পরিবারের অভাব অনেকটাই কমেছে এবং ভবিষ্যতেও সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে গৌরনদীতে প্রায় ৬০০ পরিবার এই কার্ড পেয়েছে। তবে যেসব পরিবার এখনো তালিকাভুক্ত হয়নি, তাদেরও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারের নারীপ্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য হলো, দেশের প্রতিটি মা ও নারী যেন আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি পান এবং তাদের পরিবারের জীবনমান উন্নত হয়।

নারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে তাদের সহযোগিতা প্রয়োজন। তিনি বিশ্বাস প্রকাশ করেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি শুধু আর্থিক সহায়তা নয়, বরং নারীর ক্ষমতায়ন, শিক্ষা এবং সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাইকে নিয়ে শান্তি, সহাবস্থান ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, হাজার বছরের ঐতিহ্য হলো—সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করা। সেই ঐতিহ্য ধরে রেখেই আমরা একটি মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন দর্শনের নতুন প্রতিপাদ্য তুলে ধরে বলেন, আমরা বলি—‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ আজ আমি আরও একটি কথা বলতে চাই—‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।’ এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক মানুষ আরও ভালোভাবে বাঁচতে পারবে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী বরিশাল নগরের উদ্দেশে রওনা হন। সেখানে ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।