প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আগামী ১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সম্প্রতি অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় স্বাক্ষর করেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন।
নির্দেশনা অনুযায়ী, ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। ওই কর্মসূচির সঙ্গে সংহতি রেখে একই দিনে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে মোট পাঁচটি চারা রোপণ করতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, রোপণ করা চারাগুলোর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছ অন্তর্ভুক্ত থাকবে।
এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই মূল লক্ষ্য।
নির্দেশনার অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের দপ্তরসহ সংশ্লিষ্ট সব কার্যালয়ে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন