https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লার শাহীনবাগ কবরস্থানে জায়গার সংকটের কারণে কবর পুনর্ব্যবহারের অনুমতি বহাল রেখেছে একটি আদালত। আদালত বলেছেন, সীমিত সরকারি কবরস্থানের জমিতে কোনো ব্যক্তি স্থায়ী বা একচ্ছত্র অধিকার দাবি করতে পারেন না।
গত ১০ জুলাই জেলা জজ অতুল আহলাওয়াত নিম্ন আদালতের রায় বহাল রেখে এম বাশারাত হুসাইনের আপিল খারিজ করেন। তিনি ২০২১ সালে দাফন করা তার স্ত্রীর কবর পুনর্ব্যবহার ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছিলেন।
আবেদনকারী দাবি করেন, ইসলামি আইন অনুযায়ী দেহাবশেষ সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যাওয়ার আগে কবর পুনঃখনন করা উচিত নয় এবং এতে মৃতের মর্যাদা ক্ষুণ্ন হয়। তবে কবরস্থানের পরিচালনা কমিটি আদালতকে জানায়, জায়গার তীব্র সংকটের কারণে প্রয়োজন হলে ধর্মীয় বিধান মেনে কবর পুনর্ব্যবহারের সুযোগ রয়েছে।
আদালত পর্যবেক্ষণে বলেন, ইসলামি আইনেও বিশেষ পরিস্থিতিতে কবর পুনর্ব্যবহারের অনুমতি রয়েছে। একই সঙ্গে প্রথম মৃত ব্যক্তির দেহাবশেষ বা হাড় অপসারণ না করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।
রায়ে আরও বলা হয়, আবেদনকারী দেহাবশেষ সম্পূর্ণ মাটির সঙ্গে মিশতে অন্তত সাত বছর লাগে—এ দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ফলে নিম্ন আদালতের রায়ে হস্তক্ষেপের কোনো কারণ না থাকায় আপিল আবেদন খারিজ করা হয়েছে।