https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) যুক্ত করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে নিয়মিতভাবে এই টিকা দেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের বাম ঊরুর মধ্যভাগের বাইরের অংশের মাংসপেশিতে ০.৫ মিলিলিটার এক ডোজ টিসিভি প্রয়োগ করা হবে। একই টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে এই টিকাও দেওয়া যাবে।
টিকাদান কার্যক্রম আরও কার্যকর করতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন করবেন।
এ ছাড়া অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠকসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করার অংশ হিসেবেই নিয়মিত ইপিআইতে টাইফয়েড টিকা যুক্ত করা হচ্ছে।