ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং একই সঙ্গে সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর অন্যতম সাক্ষী সেই বলটি আবারও উঠছে নিলামে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার কিংবদন্তি ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুটি গোলই যে বল দিয়ে হয়েছিল, সেটির সম্ভাব্য বিক্রিমূল্য এবার পৌঁছাতে পারে প্রায় ১ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৩ কোটি টাকা।
চলমান ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালের আগে এই নিলামের ঘোষণা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস জানিয়েছে, আগামী ৩১ জুলাই নিলাম শুরু হয়ে চলবে ২২ আগস্ট পর্যন্ত। বলটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার। তবে নিলাম বিশেষজ্ঞদের ধারণা, চূড়ান্ত দর ১ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। সেই মূল্য পেলে এটি ক্রীড়া স্মারক বিক্রির ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়বে।
চার দশক পেরিয়ে যাওয়ায় বলটি এখন কিছুটা জীর্ণ এবং হাওয়াশূন্য। তবে ইতিহাসের সাক্ষী হওয়ায় এর মূল্য কমেনি একটুও। জার্মান নির্মাতার তৈরি ৫ নম্বরের এই সিন্থেটিক বলটি সে সময়ের প্রযুক্তিগত দিক থেকেও ছিল যুগান্তকারী।
১৯৮৬ সালের সেই ম্যাচে গোল করেন ম্যারাডোনা, যা পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। মাত্র কয়েক মিনিট পরই মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে ইংল্যান্ডের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে করেন ইতিহাসের অন্যতম সেরা গোল, যা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়। সেই জয় আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে দেয়।

মন্তব্য করুন