ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের জেরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে তার সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন যোগাযোগের দাবি করা হলেও তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছে আহমাদিনেজাদের কার্যালয়।

প্রতিবেদনটিতে দাবি করা হয়, মোসাদের সঙ্গে আহমাদিনেজাদের গোপন যোগাযোগ ছিল এবং তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সংস্থাটির প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আরও বলা হয়, তেহরানে প্রথম দফার সামরিক হামলার পর ইসরায়েলি এজেন্টদের সহায়তায় তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং পরে সেখান থেকে বের হলে ইরান সরকার তাকে গৃহবন্দি করে।

এছাড়া প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভাব্য সামরিক অভিযানের পর ইরানের বিকল্প নেতৃত্ব হিসেবে আহমাদিনেজাদের নাম বিবেচনা করেছিল। এমনকি যুদ্ধের শুরুর দিকে তার ওপর হওয়া বিমান হামলাও তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার প্রচেষ্টা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে মঙ্গলবার এক বিবৃতিতে এসব দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে আহমাদিনেজাদের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, প্রকাশিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলোকে ‘হলিউডি কল্পকাহিনি’ ও ‘সস্তা চিত্রনাট্য’ বলেও উল্লেখ করা হয়।

আহমাদিনেজাদের দপ্তরের দাবি, তিনি গৃহবন্দি নন এবং স্বাভাবিকভাবেই তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে অভিযোগ করা হয়, কিছু পশ্চিমা গণমাধ্যম অর্থের বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে।

ইরানের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এ ধরনের বিতর্কিত দাবি নতুন নয়। এর আগে ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানিকে নিয়েও পশ্চিমা গণমাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হয়েছিল, যা পরে সত্য প্রমাণিত হয়নি।