বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগেই উৎসবে মেতেছেন আর্জেন্টিনার সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে তাদের পতাকা মিছিল, গান আর উল্লাস।

প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ফ্রান্সের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। টেলিভিশনে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আটলান্টার বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিজয়োল্লাস শুরু করেন তারা।

ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির সাজে সেজে, হাতে আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে বিশ্বকাপের জনপ্রিয় গান গাইতে থাকেন সমর্থকেরা। বিশেষ করে এবারের বিশ্বকাপ উপলক্ষে তৈরি নতুন সমর্থকগানই সবচেয়ে বেশি শোনা যায় তাদের কণ্ঠে।

গানের বিভিন্ন লাইনে ম্যারাডোনা, মেসি এবং ফকল্যান্ড প্রসঙ্গ তুলে ধরা হয়। একই সঙ্গে সেমিফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়েও নানা স্লোগান ও ব্যঙ্গধর্মী মন্তব্য করেন সমর্থকেরা।

১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও উঠে আসে সমর্থকদের ব্যানার, পতাকা ও স্লোগানে।

এদিকে, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আটলান্টাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালকে ঘিরে আগের ম্যাচগুলোর তুলনায় কয়েক গুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে খেলা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।